মাদারীপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট – DesheBideshe

মাদারীপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট – DesheBideshe

মাদারীপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট – DesheBideshe

মাদারীপুর, ৩ এপ্রিল – মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ২০টি বসতবাড়ি এবং দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া বেশ কয়েকটি বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তফাপুর এলাকার হাবিব হাওলাদার এবং সামচু সরদারের মধ্যে দীর্ঘ সময় ধরে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির অবনতি হলে ঢাকা বরিশাল মহাসড়কে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের সংবাদ পাওয়া মাত্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬



Scroll to Top