ময়মনসিংহ নগরের মাসকান্দায় দোকানে ঢুকে রাব্বী (২৭) হত্যা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাবের দাবি, চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে র্যাব-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান।
এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আব্দুল খালেক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মূলত চাঁদাবাজি ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাসকান্দা আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে একটি দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হামলায় তার ভাই রিয়াদও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রাব্বী ও রিয়াদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেওয়ার চেষ্টা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


