‘মন্ত্রী হলেই সবচাইতে সস্তা-চটকদার কথাটা প্রথমে বলা অভ্যাসে পরিনত হয়েছে!’ | চ্যানেল আই অনলাইন

‘মন্ত্রী হলেই সবচাইতে সস্তা-চটকদার কথাটা প্রথমে বলা অভ্যাসে পরিনত হয়েছে!’ | চ্যানেল আই অনলাইন

কর্মস্থলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি আগামী ৩০ দিনের মধ্যে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, চিকিৎসকদের সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে….আমি ৩০ দিনের মধ্যে এটি নিশ্চিত করব।

তিনি বলেন, হাসপাতালে আমি আকস্মিক ভিজিট করব এবং যদি চিকিৎসকরা ঠিক সময়ে না আসেন, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে কয়েকটি প্রশ্ন তুলেছেন বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. অনুপম হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ড. অনুপম হোসেন লিখেন, মন্ত্রী হলেই কি সবচাইতে সস্তা, সবচাইতে চটকদার কথাটা প্রথমে বলা অভ্যাসে পরিণত হয়েছে!

স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি লিখেন, সস্তা জনপ্রিয়তার জন্য এসব কথা না বলে সরকারি হাসপাতালগুলো ভিজিট করুন। চরমতম অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা দেখুন। হাসপাতালকে ঘিরে দীর্ঘদিনের গড়ে ওঠা শক্তিশালী সিন্ডিকেট সম্পর্কে জানুন। ৫০০ রোগীর ফ্যাসিলিটি ব্যবহার করে কীভাবে ২ হাজার রোগীর চিকিৎসা-ঔষধের ব্যবস্থা করা হয় দেখুন-জানুন।

চিকিৎসকদের নানা জটিলতার কথা উল্লেখ করে ড. অনুপম হোসেন লিখেন, উপজেলা-থানা পর্যায়ে একজন ডাক্তারকে প্রতি পদে পদে কি জাতীয় অবর্ণনীয় সমস্যা ও জটিলতায় পড়তে হয় একটু বুঝুন। তারপর কথা বলুন প্লিজ।

অনুপম লিখেন, ডাক্তার উপস্থিতি নিঃসন্দেহে একটি সমস্যা; কিন্তু সেটা মূল সমস্যা নয়। ১০টি সমস্যা চিহ্নিত করলে এটি একটি সমস্যামাত্র। এর চেয়ে অনেক বড় বড় সমস্যা আছে—সেগুলোর কথা আগে বলেন প্লিজ !

স্বাস্থ্যমন্ত্রীর অনভিজ্ঞ উল্লেখ করে ড. অনুপম হোসেন আরও লিখেন, আমরা আশা করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সংসদ সদস্যদের মাঝে বেশ কজন স্বনামধন্য চিকিৎসক ও চিকিৎসক সমাজের প্রতিষ্ঠিত নেতা আছেন, যারা আমাদের ভঙ্গুর স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপ সম্পর্কে অবহিত ও অভিজ্ঞ, তাদের মাঝে কেউ একজন স্বাস্থ্যমন্ত্রী হবেন। অ্যানিওয়ে, দ্যাটস এ ডিফরেন্ট ইস্যূ!

স্টাটাসের শেষদিকে তিনি লিখেন, সর্বশেষ মাফ করবেন সম্মানিত মন্ত্রী মহোদয়। আপনার মতো একজন নন-ডাক্তারের পক্ষে এ ধরনের মন্তব্য কিছু সস্তা হাততালি ও বাহবা জোগাড় করে দেবে। কাজের কাজ কোনটিই হবে না।

Scroll to Top