মধ্যপ্রাচ্যের সংঘাতে ৫ বাংলাদেশির মৃত্যু, নিরাপদে প্রবাসীদের ফেরানোর উদ্যোগ সরকারের – DesheBideshe

মধ্যপ্রাচ্যের সংঘাতে ৫ বাংলাদেশির মৃত্যু, নিরাপদে প্রবাসীদের ফেরানোর উদ্যোগ সরকারের – DesheBideshe

মধ্যপ্রাচ্যের সংঘাতে ৫ বাংলাদেশির মৃত্যু, নিরাপদে প্রবাসীদের ফেরানোর উদ্যোগ সরকারের – DesheBideshe

ঢাকা, ২০ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানিয়েছেন, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে আরও প্রবাসীদের দেশে ফেরত আনার পদক্ষেপ গ্রহণ করা হবে।

সৌদি আরবে মিসাইল হামলার শিকার হয়ে নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ আজ শুক্রবার সকালে দেশে এসে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

তিনি আরও উল্লেখ করেন যে, যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতে প্রবাসী নাগরিকদের সুরক্ষিত রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সময়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে মন্ত্রণালয় সব সময় পাশে আছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

তিনি নিহত মোশারফ হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের জন্য উপযুক্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি, নিহতের দুই সন্তানের ভবিষ্যৎ পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

এ এম/ ২০ মার্চ ২০২৬



Scroll to Top