
ঢাকা, ২ মার্চ – মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সম্প্রতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুইজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের মধ্যে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ রয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে অবস্থান করছিলেন এবং নাগরিক স্থাপনায় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারান। এছাড়া বাহরাইনে আরও একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় সেখানে তিনজন আহত হয়েছেন। বাণিজ্যিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে বাংলাদেশ দূতাবাস।
অন্যদিকে কুয়েতেও ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। তাঁরা প্রয়োজনীয় চিকিৎসা শেষে বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজখবর নিয়েছেন এবং দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে নোঙর করা আছে। জাহাজের ক্যাপ্টেন ও সকল নাবিক নিরাপদে রয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেখানে বসবাসরত প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএন/ ২ মার্চ ২০২৬





