
ওয়াশিংটন, ২০ সেপ্টেম্বর- নতুন করে সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ ও যাতায়াতের বিষয়টি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। দেশটি সতর্ক করে বলেছে, বর্তমান উত্তেজনা দ্রুত ও অপ্রত্যাশিতভাবে আরও বেড়ে যেতে পারে। এর ফলে ফ্লাইট বাতিল হওয়া বা আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
রবিবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে স্টেট ডিপার্টমেন্টের অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে অন্যান্য ধরনের বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় পরিস্থিতির আকস্মিক অবনতি বা সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে আরও বলা হয়, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার মধ্যে বেসামরিক বিমানবন্দরে হামলাও রয়েছে। এই সংঘাত দ্রুত আরও তীব্র হয়ে উঠতে পারে। এ অঞ্চলে ভ্রমণকারী বা অঞ্চলটি থেকে ফিরে আসা আমেরিকানদের বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর কার্যক্রমসংক্রান্ত তথ্য নিয়মিত নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট নাগরিকদের আরও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনাগুলো, এমনকি মধ্যপ্রাচ্যের বাইরের স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ ছাড়া ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা বিষয় এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও আমেরিকানদের সঙ্গে সংশ্লিষ্ট স্থান, যেমন মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করতে পারে।
সৌদি আরবকে ঘিরে উত্তেজনা, হুথিদের নতুন হামলা এবং পুরো অঞ্চলজুড়ে ধারাবাহিক নিরাপত্তা সতর্কতা ও সামরিক ঘটনার মধ্যে এই সতর্কবার্তা দেওয়া হলো। এর আগে গতকাল সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদের দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের কর্মকর্তারা আরও জানিয়েছেন, কয়েকটি স্থানে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। অন্যদিকে হুথিরা দাবি করেছে, তারা রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ইয়ানবুর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এবং কর্তৃপক্ষ আকাশপথে সম্ভাব্য হুমকি নিয়ে সতর্কবার্তা দেওয়ার মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়া দেখা গেছে। রয়টার্সের ভিডিও ও ছবিতে বিমানবন্দর এলাকার কাছে কালো ধোঁয়ার বড় কুণ্ডলী উঠতে দেখা গেছে।
এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬
