
ঢাকা, ২৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশের জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
জ্বালানি আমদানিতে বাড়তি খরচের জোগান বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। আসন্ন স্প্রিং মিটিং উপলক্ষে ওয়াশিংটন সফরে গিয়ে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে।
আইএমএফের ঋণ ছাড়ের বিষয়ে তিনি জানান, শর্তগুলো পূরণের বিষয়ে আলোচনা চলছে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় যেসব শর্ত তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন সম্ভব নয়, সেগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য নিজস্ব কৌশল অবলম্বনের ওপর জোর দেন তিনি।
আগামী জুলাই মাসে পরবর্তী পর্যালোচনা সভায় এসব বিষয়ে আরও আলোচনা হবে। এর মধ্যেই আইএমএফের ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করার কথা রয়েছে এবং একইসঙ্গে আগামী বাজেটের প্রস্তুতিও চলছে।
সরকারের সাম্প্রতিক অর্জন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই রমজান এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। তা সত্ত্বেও দেশে জ্বালানি সংকট বা পরিবহন ব্যবস্থায় কোনো বিপর্যয় ঘটেনি। মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে। পরিবহন ভাড়া বাড়েনি এবং দ্রব্যমূল্যও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।
প্রতি বছর ঈদের আগে পোশাক খাতে যে অস্থিরতা দেখা যায়, এবার তা সম্পূর্ণ নিয়ন্ত্রিত ছিল। সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ফলেই সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এনএন/ ২৪ মার্চ ২০২৬





