ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি | চ্যানেল আই অনলাইন

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি | চ্যানেল আই অনলাইন

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, বরং একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব- এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথঅ বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনিয়ম বরদাশত করা হবে না। অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সিইসি এ এম এম নাসির উদ্দিন আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের ধারাকে এগিয়ে নেবেন।

এদিকে নির্বাচনকে ঘিরে সারাদেশে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, ব্যালট ও সরঞ্জাম সরবরাহসহ সব কার্যক্রম সময়মতো শেষ করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে- ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য।

Scroll to Top