বুধবার রাত পৌনে তিনটার দিকে স্টেশন সড়কে গিয়ে দেখা যায়, সাহ্রি খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছেন অন্তত ২০ তরুণ। দুজন হ্যান্ডমাইক হাতে সাহ্রির খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। তখন প্ল্যাটফর্মের ভেতরে বাইরে ঘুমোচ্ছিলেন শতাধিক নারী-পুরুষ। সেখান থেকে অন্তত ৫০ জন ঘুম থেকে ওঠে আসেন সাহ্রি খেতে। পাশের গ্রাম থেকে আসেন আরও অনেকে। তিনটি ব্যাচে খাওয়া সম্পন্ন করা হয়। মেন্যুতে ছিল মাছ, মুরগির মাংস, সবজি ও ডাল। মাছ অথবা মাংস প্রত্যেকে দুটির যে কোনো একটি আইটেম দিয়ে খেতে পারেন। সবজি ও ডাল সবার জন্য উন্মুক্ত।
ময়মনসিংহের কেন্দুয়া উপজেলার বলেশ্বর ইউনিয়নের কুমুড়কুড়া গ্রামের আ. রাশেদ মিয়ার ছেলে ওয়াদুদ মিয়া (৬৩) ভৈরবে দিনমজুরের কাজ করেন। থাকেন স্টেশন লাগোয়া একটি বাড়িতে। মাইকে সাহ্রির খাওয়ার আহ্বান শুনে তিনি আসেন। তিনি বলেন, ‘কয়েক দিন খাইছি। যত্ন কইরা খাওয়ায়। মনে হয় নিজের ঘরে খাইতাছি।’
নেত্রকোনা সদর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের নুরুল ইসলাম (৮৩) বয়সের ভারে ন্যুব্জ। স্ত্রী নেই। দুই মেয়ে নিয়ে দুই বছর ধরে ভৈরবে আছেন। জিনিসপত্র ফেরি করে বিক্রি করেন। মাছ-সবজি দিয়ে সাহ্রি খেতে পেরে তৃপ্তির ঠেকুর তুলেন তিনি। তিনি বলেন, ‘মাছ দিয়া সরাই (সাহ্রি) খাওয়া আমার লাইগ্যা কঠিন। পেট ভইরা খাইলাম। রোজা রাখতে কষ্ট হইব না।’