ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল | চ্যানেল আই অনলাইন

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল | চ্যানেল আই অনলাইন

ম্যাচের ৭ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে নিলেন ভিনিসিয়াস জুনিয়র। দারুণ ছন্দে থাকা তারকা পরে গোল করলেন আরেকটি গোল। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে খেলতে নামলেন নেইমার। সবকিছু মিলিয়ে মরক্কোর বিপক্ষে নিজেদের হতাশা ভুলে স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

মিয়ামির হার্ড রক স্টেডিয়াম বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০তে জিতেছে ব্রাজিল। ভিনির জোড়া গোলের সঙ্গে অন্য গোলটি করেছেন ম্যাথিয়াস কুনহা।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারানো মরক্কোরও ৭ পয়েন্ট, গোল পার্থক্যে দুই নম্বরে থেকে নকআউটে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে স্কটল্যান্ড। তিন ম্যাচেই হেরে বিদায় নিল হাইতি।

প্রথম দুই ম্যাচের চেয়ে ব্রাজিলের খেলায় আরও উন্নতি দেখা গেছে এই ম্যাচে। ৫৪ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডের ১৪ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

বিশ্বকাপের নকআউট রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে নেমে ৭ মিনিটেই লিড নেয় ব্রাজিল। অবশ্য এই গোলে স্কটিশ সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনারের ভূমিকাই বেশি ছিল। তার নিয়ন্ত্রণ হারানো বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে ঠেলে দিয়েছেন ভিনিসিয়াস।

২২ মিনিটে ভিনিসিয়াসের গতির কাছে পরাস্ত হয়ে ম্যাচে দ্বিতীয়বার পিছিয়ে পড়ায় আশঙ্কায় পড়ে স্কটল্যান্ড। নিজেদের অর্ধে ডিফেন্ডার জ্যাক হেন্ড্রির কাছে থাকা বল পেছন থেকে দৌড়ে নিয়ন্ত্রণে নেন ভিনি। এরপর গোলকিপারকে কাটিয়ে বল জালে ঠেলেও দেন। কিন্তু ভিএআর রিভিউয়ে ভিনিকে ফাউল ধরায় গোলটি বাতিল করা হয়।

৪৫ মিনিটে ছোট বক্স থেকে কাটব্যাক দিয়ে গোলের সুযোগ তৈরি করেন ভিনিসিয়াস। স্কটিশ ডিফেন্ডারদের বাধার মুখে একটুর জন্য কুনহা গোল পাননি। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমর্থকদের ফের আনন্দের উপলক্ষ এনে দেন সেই ভিনি। ব্রুনো গুইমারায়েসের শট খুঁজে নিচ্ছিল জাল, সেই বল লাফিয়ে ধরতে গিয়ে হাতে জমা পারেননি স্কটিশ গোলকিপার। দৌরে এসে হেডে জালে বল জড়ান ভিনিসিয়াস। দুই গোলসহ এবারের বিশ্বকাপে তার গোল হল চারটি। শেষপর্যন্ত ২-০ গোলেএগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে প্রথম কোন প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে স্কটল্যান্ড। তবে স্কট ম্যাকটমিনের হেডে বল যায় সরাসরি গোলরক্ষক আলিসনের গ্লাভসে। দুই মিনিট পর হ্যাটট্রিকের সুযোগ পান ভিনিসিয়াস। দ্রুতগতিতে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি, কিন্তু ঠিকমতো শট নিতে পারেননি, তার আগেই ছুটে এসে বল ধরে ফেলেন গোলরক্ষক।

স্কটল্যান্ডের দুটি পেনাল্টির আবেদন রেফারি নাকচ করে দেয়ার পর, ৬০ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলে ব্রাজিল। পাশে থাকা স্কটল্যান্ডের এক খেলোয়াড়কে ছিটকে ফেলে, আরেকজনকে কাটিয়ে গিমারেস বক্সে খুঁজে নেন কুইয়াকে। এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান ২৭ বর্ষী ফরোয়ার্ড।

৭৬ মিনিটে দর্শকদের তুমুল করতালির মধ্য কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ৯৮১ দিন পর ব্রাজিলের হয়ে খেলতে নামলেন দলটির রেকর্ড গোলস্কোরার। চার মিনিট পর আরেকবার হ্যাটট্রিকের সুযোগ আসে ভিনিসিউসের সামনে। এবারও তার শট ফিরিয়ে তাকে হতাশ করেন স্কটিশ গোলরক্ষক। শেষ দিকে ব্যবধান কমানোর আরেকটি সুযোগ পায় স্কটল্যান্ড। দারুণ সেভে ম্যাকটমিনের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন আলিসন।

Scroll to Top