প্রেমিকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ

ছবি: সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর গ্রামের লামিয়া (১৮) নামে এক শিক্ষার্থীর ঢাকায় মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ দেখা দিয়েছে। পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্ক নিয়ে মানসিক চাপের কারণে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
গত ৩১ আগস্ট রাত দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ঘটনাটি ঘটে। ২ সেপ্টেম্বর সকালে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
লামিয়া অসুস্থ ও শয্যাশায়ী আলী হায়দারের মেয়ে। এবার তার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং পরিবারের আর্থিক সহযোগিতাও করতেন।
পরিবারের দাবি, একই এলাকার সুমন আকনের (২৫) সঙ্গে প্রায় তিন বছর ধরে লামিয়ার সম্পর্ক ছিল। সুমন সরকারি চাকরি পাওয়ার পর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন লামিয়ার ছোট ভাই কাওসার। তার অভিযোগ, সম্প্রতি সুমনের মা ও বোন লামিয়াকে মারধরও করেন।
লামিয়ার বড় খালা জহুরা বেগম বলেন, ঘটনার আগের প্রায় এক সপ্তাহ লামিয়া সুমনের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলতেন এবং কান্নাকাটি করতেন বলে তার সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন।
স্থানীয় ইউপি সদস্য মজিবর আকন বলেন, বাবার অসুস্থতার কারণে পরিবারের দায়িত্বও লামিয়ার ওপর ছিল। পড়াশোনার পাশাপাশি চাকরি করে তিনি পরিবারকে সহযোগিতা করতেন।
অভিযোগের বিষয়ে সুমন আকনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, লামিয়ার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর জিডি হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক
সাঈদ পান্থ
বরিশাল প্রতিনিধি
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…