
ঢাকা, ১৭ আগস্ট – বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে বর্তমানে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভারতের আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ। গত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা নিরসনে কাজ করছে বর্তমান সরকার।
সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন এই বিষয়টি নিয়ে বর্তমানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন ভারতের সাথে বিদ্যমান তিক্ততা নিরসনের চেষ্টা চলছে এবং ইতিমধ্যে ভারতীয় হাইকমিশন ও উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হয়েছে। ভারতকে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন যে সরকার ক্রীড়া ও রাজনীতিকে আলাদা রাখার ওপর বিশেষ জোর দিচ্ছে।
খেলাধুলা সবকিছুর ঊর্ধ্বে এবং এর মাধ্যমে প্রতিবেশী দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় মন্ত্রণালয় যাতে পুনরায় দুই দেশের মাটিতে নিয়মিত ক্রিকেট সিরিজ আয়োজন করা সম্ভব হয়।
এনএন/ ১৭ আগস্ট ২০২৬


