বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আগেই আলোচনায় উঠে এসেছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। মুক্তির কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম বুকিং।
এমনকি ভারতে টিকিট বিক্রি শুরুর আগেই যুক্তরাষ্ট্রে বিশেষ প্রদর্শনীর জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়াকে নিজের ক্যারিয়ারে প্রথম বলে জানিয়েছেন নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি আসন্ন দুর্গাপূজার মৌসুমে মুক্তি পাওয়ার কথা। এর আগেই আন্তর্জাতিক বাজারে এমন আগ্রহকে সিনেমাটির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের (আইএফএসি) আয়োজনে যুক্তরাষ্ট্রের দুটি শহরে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হবে। ১৫ নভেম্বর বোস্টনে এবং ২২ নভেম্বর কানেকটিকাটে প্রদর্শিত হবে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রেক্ষাগৃহের পোস্টার প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, মুক্তির প্রায় দুই মাস আগেই বিদেশে অগ্রিম বুকিং শুরু হওয়া তার ক্যারিয়ারে এক নতুন অভিজ্ঞতা।
সাধারণত কোনো সিনেমার আন্তর্জাতিক প্রদর্শনী ও বুকিং শুরু হয় মুক্তির পর স্থানীয় বাজারে সাড়া পাওয়ার ভিত্তিতে। কিন্তু ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। সিনেমাটির টিজার ও আগের ছবির জনপ্রিয়তার ওপর আস্থা রেখে যুক্তরাষ্ট্রের পরিবেশকেরা আগেভাগেই প্রদর্শনীর স্বত্ব নিয়েছেন। ফলে ভারতে টিকিট বিক্রি শুরুর আগেই যুক্তরাষ্ট্রে অগ্রিম বুকিং শুরু হয়েছে।
এর পেছনে বড় ভূমিকা রয়েছে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বহুরূপী’ সিনেমার আন্তর্জাতিক সাফল্যের। যুক্তরাষ্ট্রে ছবিটির একের পর এক প্রদর্শনী হাউসফুল হয়েছিল। প্রবাসী দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন সিনেমাটি নিয়েও বিদেশি দর্শকদের মধ্যে আগাম প্রত্যাশা তৈরি হয়েছে।
শুধু যুক্তরাষ্ট্র নয়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকেও সিনেমাটির প্রদর্শনী ও বুকিং নিয়ে আগ্রহ আসছে বলে জানা গেছে। আরও কয়েকটি আন্তর্জাতিক প্রদর্শনীর চুক্তি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ফলে মুক্তির আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ঘিরে আন্তর্জাতিক বাজারে যে আগ্রহ তৈরি হয়েছে, তা বাংলা সিনেমার জন্যও ইতিবাচক বার্তা দিচ্ছে। ‘বহুরূপী’র সাফল্যের পর এবার এর নতুন কিস্তি আটলান্টিক পেরিয়ে কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।