ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাড্ডাহাডি লড়াইয়ে মূলসময়ে কোনো গোল আদায় করতে পারেনি বাংলাদেশ ও ভারত। শিরোপা ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ঝলক দেখিয়েছে রোনান সুলিভানরা। পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে জিতে বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে টানা দ্বিতীয় শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজের দল। গত আসরে নেপালকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।
মালদ্বীপের মালেতে ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নটায় গড়ায় লড়াই। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুদল। প্রথমার্ধে লাল-সবুজের দল একাধিক সুযোগ তৈরি করেছিল, তবে ভারতের রক্ষণ ভাঙতে পারেনি। ভারতও চেষ্টা করেছিল কয়েকবার, তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় কোনো বিপদ হয়নি।
বিরতির পর একের এক আক্রমণে ভারত রক্ষণভাগের পরীক্ষায় নেয় বাংলাদেশ। গোলের জন্য মরিয়া বাংলাদেশ সুযোগও পেয়েছিল বেশ। তবে সাফল্য ধরা দেয়নি। শেষ অবধি গোল শূন্য সমতায় শেষ হয় মূল সময়। তাতে খেলা গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুটআউটে ভারতের নেয়া প্রথম শট ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক। লিড পেয়ে তা ধরে রাখে চতুর্থ শট পর্যন্ত। চতুর্থ শটে বাংলাদেশের নেয়া শট বারে লেগে ফিরে আসে, ভারত সমতায় ফেরে। তবে পঞ্চম শট ভারত উড়িয়ে দেয় গোলবারের উপর দিয়ে, বাংলাদেশের রোনান সুলিভান বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন।





