ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’ | চ্যানেল আই অনলাইন

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’ | চ্যানেল আই অনলাইন

ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে মাঠে হাত না মেলানোর প্রবণতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। গত টি-টুয়েন্টি এশিয়া কাপ থেকে দুদলের খেলোয়াড়দের ম্যাচের আগে বা পরে হাত মেলাতে দেখা যায়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপেও সেই দৃশ্যের পুনরাবৃত্তি হয়েছে, হাত মেলাননি সূর্যকুমার যাদব ও সালমান আলী আঘা। কিন্তু প্রকাশ্যে তাদের এমন আচরণ নাকি আড়ালে গেলে বদলে যায়, বলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক।

এক পডকাস্টে ভারত-পাকিস্তান প্রসঙ্গে কথা বলেছেন সাবেক চার তারকা ক্রিকেটার- মাইকেল ভন, অ্যালিস্টার কুক, ডেভিড লয়েড ও ফিল টাফনেল। তাদের আলোচনায় এই প্রসঙ্গ আসতেই টাফনেল বলে ওঠেন, ‘সাহস করে বলি- ভারতের বিপক্ষে পাকিস্তানের ঠিক মেলে না, তাই না?’ ভন যোগ করেন, ‘আমার দৃষ্টিতে বিষয়টা এমন- ক্রিকেট মাঠে নামলেই পাকিস্তানকে মনে হয় তারা ভারতকে দেখে ভয় পাচ্ছে। দুদলের মাঝে পুরো পরিস্থিতি তিক্ততাপূর্ণ। এটি দুঃখজনক যে, ক্রিকেট মাঠে (তারা পরস্পর) হাত মেলায় না।’

মাইকেল ভন অবশ্য হতাশা কাটিয়ে ওঠেন অ্যালিস্টার কুকের কথায়। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছেন, ‘তারা কী দরজার আড়ালেও কথা বলে না? আমি কোথাও পড়েছি যে, তারা আড়ালে ঠিকই কথা বলে। এটি অনেকটা লোকদেখানো আচরণ, তাই না? মাঠে তারা হাত মেলাবে না। কিন্তু আড়ালে তারা পরস্পর কথা বলবে, আড্ডা দেবে এবং তাদের সম্পর্কটাও ঠিকঠাক।’

১৫ ফেব্রুয়ারির বিশ্বকাপ ম্যাচেও নাটকীয়তা ছিল চোখে পড়ার মতো। ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান অলআউট হয় ১১৪ রানে। ম্যাচের আগে দুই অধিনায়ক করমর্দন করবেন কিনা, তা নিয়ে জল্পনা থাকলেও শেষপর্যন্ত কেউই হাত মেলাননি।

Scroll to Top