ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘অ্যালামনাই রিইউনিয়ন’। বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।
শুক্রবার (৮ মে ) দিনব্যাপী এ মিলনমেলায় পুরোনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে সময় কাটান সাবেক শিক্ষার্থীরা। হাসি-আনন্দ, গান আর স্মৃতিচারণে তারা ফিরে যান বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় দিনগুলোতে।
সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফেরহাদ আনোয়ার বলেন, “গত ২৫ বছরে বিশ্ববিদ্যালয়ের পথচলায় সাবেক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের অর্জন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অব্যাহত সম্পর্ক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।”
প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের আসল শক্তি আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা। নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ‘রিইম্যাজিনিং এক্সেলেন্স’-এর পথে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস আইনুন নিশাত, ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সাদিয়া হামিদ কাজী এবং একজন সাবেক শিক্ষার্থী।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন, চেয়ারপারসন, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নেতৃত্ব দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে ছিল প্রীতি ফুটবল ম্যাচ, শিশুদের জন্য চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, র্যাফেল ড্র, জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের পরিবেশনা এবং চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী।



