শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইট শুরু। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে শুরুর দিকে বেশ চাপেই পড়েছিল ইংল্যান্ড। তবেই সেই চাপ সামাল দেন হ্যারি ব্রুক। সেঞ্চুরি করে ইংলিশদের এনে দিয়েছেন ২ উইকেটে দারুণ জয়। টানা দ্বিতীয় জয়ে সবার আগে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড।
পাল্লেকেলেতে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে নেমে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড।
আগে ব্যাটে নামা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন সাহিবজাদা ফারহান। ৪৫ বলের ইনিংসটিতে ৭টি চার ও ২ ছক্কার মার। বাকিদের মধ্যে বাবর আজম ২৪ বলে ২৫, ফখর জামান ১৬ বলে ১৫, শাদাব খান ১১ বলে ২৩ রান করেন। এছাড়া কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ইংলিশ বোলারদের মধ্যে লিয়াম ডাউসন ৩ উইকেট নেন। জোফরা আর্চার ও জেমি ওভারটন নেন দুটি করে উইকেট। এছাড়া আদিল রশিদ নেন এক উইকট।
রানতাড়ায় নেমে ইনিংসের প্রথম বলেই ফিল সল্টের উইকেট হারায় ইংল্যান্ড। তিনে নামা ব্রুক হাল ধরেন। ইংলিশ অধিনায়ক একপ্রান্ত আগলে রাখলেও ৫৮ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পঞ্চম উইকেটে স্যাম কারেনকে সঙ্গী করে চাপ কাটিয়ে তোলেন ব্রুক। এই জুটিতে দুজনে মিলে যোগ করেন ৪৫ রান। দলীয় ১০৩ রানে কারেন ফিরলে জুটি ভাঙে। ১৫ বলে ১৬ রান করেন কারেন।
ষষ্ঠ উইকেটে উইল জ্যাকসকে নিয়ে আরও ৫২ রান যোগ করেন ব্রুক। ৫০ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। দলীয় ১৫৫ রানে ব্রুক আউট হন। ১০ চার ও ৪ ছক্কায় ৫১ বলে ১০০ রান করেন।
জয় থেকে ১০ রান দূরে থাকলেও এর মধ্যে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। তবে শেষ ওভারের প্রথম বলে জয় নিশ্চিত করেন আর্চার।
পাকিস্তান বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ৪ উইকেট নেন। মোহাম্মদ নাওয়াজ ও উসমান তারিক নেন একটি করে উইকেট।



