
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – পোশাক ও সাজসজ্জা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। অনেকেই বিভিন্ন সময় তাকে বোরকা পরার পরামর্শও দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পরদিন শুক্রবার সকালে একটি বিশেষ পোস্টের মাধ্যমে সেই সমালোচকদের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে বোরকা ও শাড়ি পরা দুটি ছবির একটি কোলাজ শেয়ার করেছেন বাঁধন। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন দীর্ঘদিনের জমে থাকা কথা। বিশেষ করে যারা তাকে বোরকা কেনার পরামর্শ দিয়েছিলেন তাদের উদ্দেশ্যেই এই বার্তা।
তিনি স্পষ্ট জানিয়েছেন যে ছোটবেলা থেকেই ব্যক্তিগত ও দৈনন্দিন প্রয়োজনে তিনি নিয়মিত বোরকা ব্যবহার করে আসছেন। বাঁধন উল্লেখ করেন যে তার কাছে বোরকা কেবলই একটি পোশাক, এর চেয়ে বেশি বা কম কিছু নয়। কখনো সাধারণ পোশাক বা অবিন্যস্ত চুলে বাইরে বের হতে কিংবা জনসমাগমে নিজেকে আড়াল করতে এটি বেশ কার্যকর বলে মনে করেন তিনি। নিজের ব্যক্তিগত পছন্দের বিষয়টি পরিষ্কার করার পাশাপাশি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেছেন অভিনেত্রী।
নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানানোর পাশাপাশি যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তাদের অভিজ্ঞতার প্রতিও সম্মান জানিয়েছেন তিনি। দেশের স্বার্থে সম্মান ও ঐক্যের ভিত্তিতে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আজমেরি হক বাঁধন।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬





