বৈশ্বিক সংকটেও দেশে জ্বালানি তেলের দাম বাড়েনি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী – DesheBideshe

বৈশ্বিক সংকটেও দেশে জ্বালানি তেলের দাম বাড়েনি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী – DesheBideshe

বৈশ্বিক সংকটেও দেশে জ্বালানি তেলের দাম বাড়েনি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী – DesheBideshe

ঢাকা, ২২ মার্চ – বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে তা অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈশ্বিক এই কঠিন পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব সরকারের পক্ষে সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বর্তমানে জ্বালানি তেলের নতুন উৎস সন্ধান করা এবং দেশে এর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বৈশ্বিক সংকট মোকাবেলায় তিনি দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা ও সংযম কামনা করেছেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে দেশের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি উল্লেখ করেন, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে এবারের ঈদযাত্রায় দেশের কোথাও জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যবস্থা বন্ধ হয়নি এবং সাধারণ যাত্রীদের ওপর বাড়তি ভাড়ার বোঝাও চাপানো হয়নি। এবারের ঈদ অত্যন্ত উৎসবমুখর এবং ভীতিহীন পরিবেশে উদযাপিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাওয়ায় সমাজে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

এছাড়া রমজান ও ঈদ উপলক্ষে তৈরি পোশাক খাতের শ্রমিকদের আগাম বেতন ও ভাতা পরিশোধ করা হয়েছে। এর ফলে শিল্প খাতে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ দেখা দেয়নি, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির একটি বড় লক্ষণ বলে তিনি মনে করেন। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, নিম্নবিত্ত মানুষ এবং কৃষকদের সহায়তায় বিশেষ কার্ডের মাধ্যমে নানা সুবিধা প্রদান করা হবে।

ঋণ মওকুফ করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণের বোঝা লাঘব করা হবে। একইসঙ্গে দেশের ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের জন্য চলমান ভাতা প্রদান কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে।

চলমান এই বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে সংযম, পারস্পরিক সহযোগিতা এবং সহানুভূতির মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার বিশেষ আহ্বান জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ এম/ ২২ মার্চ ২০২৬



Scroll to Top