বেরিং প্রণালির নিচে ‘পুতিন-ট্রাম্প টানেল’ বানাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র, আজই সই হচ্ছে ঐতিহাসিক চুক্তি – DesheBideshe

বেরিং প্রণালির নিচে ‘পুতিন-ট্রাম্প টানেল’ বানাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র, আজই সই হচ্ছে ঐতিহাসিক চুক্তি – DesheBideshe


বেরিং প্রণালির নিচে ‘পুতিন-ট্রাম্প টানেল’ বানাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র, আজই সই হচ্ছে ঐতিহাসিক চুক্তি – DesheBideshe

ওয়াশিংটন, ৫ জুন – বেরিং প্রণালির নিচ দিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংযোগ স্থাপনে প্রস্তাবিত টানেল প্রকল্পের নকশা প্রণয়নের কাজ এগিয়ে নিতে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রয়েভ এই ঘোষণা দেন। আজ শুক্রবার এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

দিমিত্রয়েভ জানান যে মস্কো এবং ওয়াশিংটন দুই দেশকে সংযুক্ত করার লক্ষ্যে এই অবকাঠামো প্রকল্প নিয়ে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। এই প্রকল্পটিকে তিনি দুই দেশের মধ্যকার অন্যতম বৃহৎ অবকাঠামো উদ্যোগ হিসেবে অভিহিত করেন।টানেলটির প্রাথমিক নাম হিসেবে পুতিন ট্রাম্প টানেল আলোচিত হচ্ছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে দিমিত্রয়েভ মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরিড কুশনারের সাথে টেলিফোনে কথা বলেছেন। যদিও মার্কিন পক্ষ থেকে এখনও এই ফোনালাপের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

তবে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী ফোনালাপে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে দিমিত্রয়েভ উল্লেখ করেন যে মার্কিন পক্ষ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং উসকানি এড়িয়ে ইউক্রেনকে আলোচনার পথে আনার আহ্বান জানাচ্ছে।

অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান যে ওয়াশিংটনের সাথে যোগাযোগ বজায় থাকলেও যুদ্ধ সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে। তিনি আরও বলেন যে ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক সিদ্ধান্ত না নিলে রাশিয়া সামরিক অভিযান অব্যাহত রাখবে।

একই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন যে উভয় পক্ষ আপস করতে রাজি না হওয়ায় যুদ্ধের অবসান বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এই বৈরি পরিস্থিতির মধ্যেও টানেল প্রকল্পের মতো অর্থনৈতিক উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

এনএন/ ৫ জুন ২০২৬



Scroll to Top