বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন | চ্যানেল আই অনলাইন

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন | চ্যানেল আই অনলাইন

টানা বৃষ্টিতে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় আটকে আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। পানি না নামা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে পড়ে। বেলা সোয়া ৩টা পর্যন্ত ট্রেনটি একই স্থানে অবস্থান করছিল। কখন ট্রেনটি আবার যাত্রা শুরু করতে পারবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর জানালিহাট স্টেশনের দিকে কিছু দূর এগিয়ে গেলে রেললাইনের ওপর পানি জমে থাকায় সেটি থামিয়ে দেওয়া হয়।

জানালিহাট স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, রেললাইনে পানি ওঠায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে থাকা পর্যটক এক্সপ্রেসে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস একই এলাকা অতিক্রম করেছিল। তখন রেললাইনে কোনো সমস্যা ছিল না। তবে পরে মুষলধারে বৃষ্টির কারণে লাইনের ওপর পানি জমে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে।

রেল কর্মকর্তারা জানান, পর্যটক এক্সপ্রেসের কক্সবাজার পৌঁছানোর নির্ধারিত সময় ছিল দুপুর ২টা ৪০ মিনিট। তবে রেললাইনে পানি জমে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। পানি নেমে গেলে পরিস্থিতি পর্যালোচনা করে ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশে ছেড়ে দেওয়া হবে।

Scroll to Top