কলম্বোতে বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। বেরসিক বৃষ্টির হানায় ভেস্তে গেছে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচ। তাতে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে।
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়ানোর কথা ছিল ম্যাচ। যথাসময়ে টস হলেও বৃষ্টি নামে খেলা গড়ানোর আগে।
টানা বৃষ্টিতে খেলা গড়ানোর ন্যূনতম সম্ভাবনাও তৈরি হয়নি। দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। তাতে সমান ১টি করে পয়েন্ট পেয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
গ্রুপ ‘ডি’ রানার্স আপ হয়ে নিউজিল্যান্ড এবং গ্রুপ ‘এ’ রানার্সআপ হয়ে সুপার এইটের টিকিট কাটে পাকিস্তান। এই পর্বে দল দুটির অবস্থান গ্রুপ দুইয়ে। গ্রুপে তাদের সঙ্গী ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

