
ব্যালন ডি’অরের কোপা ট্রফির ভোটাভুটিতে বুন্দেসলিগার এক অচেনা তরুণকে বেছে নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক লিওনেল মেসি। ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল এর প্রকাশিত নথি অনুযায়ী, একমাত্র ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে মেসিই বায়ার লেভারকুসেনের তরুণ তারকা ইব্রাহিম মাজা’কে নিজের সেরা তিনের তালিকায় রেখেছেন।
নিয়ম অনুযায়ী, কেবল সাবেক ব্যালন ডি’অর জয়ীরাই এই পুরস্কারের জন্য ভোট দিতে পারেন। যেখানে মেসি ছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদো, উসমানে ডেম্বেলে, লোথার ম্যাথিউস, ম্যাথিয়াস সামার ও কার্ল হেইঞ্জ রুমেনিগের মতো কিংবদন্তিরা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত আছেন।
অধিকাংশ জুরি সদস্য বার্সেলোনার লামিন ইয়ামাল, পাউ কুবার্সি কিংবা পিএসজির ওয়ারেন জায়ের-এমেরির মতো পরিচিত মুখগুলোকে সেরা তিনের তালিকায় রাখলেও মেসি বেছে নেন কিছুটা ভিন্ন পথ। ইয়ামাল ও কুবার্সিকে নিজের পছন্দ রাখার পাশাপাশি তিনি তৃতীয় স্থানে রাখেন বায়ার লেভারকুসেনের ২০ বছর বয়সী আলজেরিয়ান তরুণ ইব্রাহিমকে। ব্যালন ডি’অর জয়ী ভোটারদের মধ্যে একমাত্র তিনিই মাজাকে ভোট দিয়েছেন।
মেসির এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ধারণা করা হয়, ২০২৬ বিশ্বকাপের মঞ্চে এই তরুণ তার নৈপুণ্য দিয়ে আর্জেন্টাইন তারকাকে মুগ্ধ করেছিলেন।
এ বছরে শেষ হওয়া বিশ্বকাপে গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও আলজেরিয়া। সেই ম্যাচে মাজা ৮২ মিনিট পর্যন্ত মাঠে থাকলেও মেসি ৮০তম মিনিটে মাঠ ছাড়েন। ম্যাচটিতে আলজেরিয়া ৩-০ গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়। এরপর গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অব ৩২ এ পৌঁছালেও সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আলজেরিয়া। ওই চার ম্যাচেই শুরুর একাদশে থাকলেও কোনো গোল বা অ্যাসিস্ট নামের পাশে যোগ করতে পারেননি মাজা।
তবে জাতীয় দলের সেই হতাশা কাটিয়ে ক্লাব ফুটবলে বর্তমানে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই তরুণ। গত মৌসুম থেকে বেয়ার লেভারকুসেনের হয়ে খেলছেন তিনি। ক্লাবটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার। নতুন কোচ কার্লেস মার্টিনেজের অধীনে বর্তমানে দলটিতে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন এই মিডফিল্ডার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে তিনটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

