বিসিবিতে পদত্যাগের মিছিল, সাত পরিচালক সরে গেলেন | চ্যানেল আই অনলাইন

বিসিবিতে পদত্যাগের মিছিল, সাত পরিচালক সরে গেলেন | চ্যানেল আই অনলাইন

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগের মিছিল শুরু হয়েছে। নির্বাচনের পর ছয় মাস না পেরোতেই ছয় পরিচালক পদত্যাগ করেছেন। ইসতিয়াক সাদেক কে দিয়ে পরিচালকদের পদত্যাগের শুরু হওয়া তালিকায় সবশেষ আরও চারজনের নাম যুক্ত হয়েছে।

শনিবার বিসিবির বোর্ড সভা শেষে পদত্যাগ করেন ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ফাইয়াজুর রহমান। এছাড়া শানিয়ান তানিম, মেহেরাব আলম চৌধুরী এবং মঞ্জুর আলমও পদত্যাগ করেছেন। ফাইয়াজুর বোর্ডে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন।

ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন শানিয়ান তানিম। সিকিউরিটি কমিটির প্রধান ছিলেন মেহরাব আলম চৌধুরী। এছাড়া মেডিকেল বিভাগের চেয়ারম্যান ছিলেন মঞ্জুর আলম। এরআগে বৃহস্পতিবার বোর্ড ছেড়ে যান লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

গত ২৩ মার্চ পরিচালক পদ ছেড়ে দেন ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত আমজাদ হোসেন যিনি মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান পদে ছিলেন। এছাড়া গত ২৪ জানুয়ারি পদত্যাগ করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক।

গত বছরের ৫ অক্টোবর বিসিবির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ গঠিত হয়। পদত্যাগ করা সব পরিচালকই ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগের কথা জানিয়েছেন।

Scroll to Top