ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে শেষ আটে পৌঁছেছ বাংলাদেশ। প্লেট পর্বে শেষ আটে যাওয়ার লড়াইয়ে টাইব্রেকারে সিঙ্গাপুরকে ৪-৩ গোলে হারিয়েছে ফাহিম হাসানের দল। নির্ধারিত সময়ে আগে গোল করে এগিয়ে গেলেও পরে ১-১ সমতায় শেষ হয়। টাইব্রেকারে পিছিয়ে পড়লেও শেষে জয় তোলে কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা।
টাইব্রেকারে প্রথম শট নেয় বাংলাদেশ, তবে সেটি গোল করতে পারেনি। সিঙ্গাপুর প্রথম শটে গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শটে গোল করে বাংলাদেশ, চতুর্থ শটে সিঙ্গাপুর গোল করতে না পারলে ৩-৩ সমতায় দাঁড়ায়। পঞ্চম শটে বাংলাদেশের অধিনায়ক গোল করেন, বিপরীতে সিঙ্গাপুর গোল করতে না পারলে ৪-৩ ব্যবধানেই জয় তোলে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল সিঙ্গাপুরের। তবে বাংলাদেশ দলের ডিফেন্ডারদের দৃঢ়তায় কোনো গোল করতে পারেনি দলটি। পরে ম্যাচে প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ, ১২ মিনিটে গোল করেন নাঈমুর রহমান রাতুল। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল।
১৮ মিনিটে বাংলাদেশের দুটি আক্রমণ ঠেকিয়ে দেয় সিঙ্গাপুরের গোলরক্ষক। প্রথম লেফট উইং থেকে হেডের জোরালো শট ঠেকিয়ে দিলে রাইট উইংয়ে যায়। সেখান থেকেও জোরালো হেডের বল আবারও ঠেকিয়ে দেন ওই সিঙ্গাপুর গোলরক্ষক। পরে কর্নার পাওয়া বাংলাদেশের বল আটকে দেয় সিঙ্গাপুরের গোলরক্ষক। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর আবারও আক্রমণ শুরু করে সিঙ্গাপুর। ২৪ মিনিটে দলটি গোল আদায় করে নেয়। ম্যাচে ১-১ সমতা আনে দলটি। ৩৬ মিনিটে এসে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের গোলস্কোরার রাতুল। পরের মিনিটেই নিশ্চিত দুইবার গোলের সুযোগ হাতছাড়া করে সিঙ্গাপুর। পরে ম্যাচ ১-১ সমতায় শেষ হয়।
প্রতিযোগিতায় গ্রুপপর্বে পাঁচ ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হার দেখেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করে। পরেরদিন প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডির সাথে পেরে ওঠেনি বাংলাদেশ, হারে ২-০ গোলে। শেষ ম্যাচে ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তোলে অধিনায়ক ফাহিম হাসানের দল। বাংলাদেশ প্লেট পর্বে শেষ ষোলোতে উঠার লড়াইয়ের ম্যাচে টাইব্রেকারে হারায় সিশেলসকে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

