বিশ্বকাপে ফ্রান্স, নরওয়ে কাছাকাছি, ইতালি ঝুঁকিতে, রোনালদোর লাল কার্ড ও হার | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে ফ্রান্স, নরওয়ে কাছাকাছি, ইতালি ঝুঁকিতে, রোনালদোর লাল কার্ড ও হার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বকাপ বাছাইয়ে একচেটিয়া দাপট দেখিয়ে ইউক্রেনের বিপক্ষে জয় তুলেছে ফ্রান্স, টিকিট কেটেছে ২০২৬ আসরের। ইতালি হারিয়েছে মলদোভাকে। ইংল্যান্ড জয় পেয়েছে সার্বিয়ার বিপক্ষে। এস্তোনিয়াকে হারিয়েছে নরওয়ে। আর পর্তুগাল হোঁচট খেয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো, জাতীয় দল জার্সিতে তার প্রথম লাল কার্ড।

কাইলিয়ান এমবাপের জোড়া গোলে প্যারিসে বৃহস্পতিবার রাতে বাছাইপর্বে ৪-০ ব্যবধানে জিতেছে ফ্রান্স। মলদোভার মাঠে ২-০ ব্যবধানে জয় এনেছে ইতালি। ওয়েম্বলিতে ২-০তে সার্বিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। আয়ারল্যান্ড ঘরে ট্রই প্যারোটের জোড়া গোলে ২-০তে পর্তুগালের বিপক্ষে জয় পেয়েছে।

এমবাপেরা ইউক্রেনের জালে যে চারবার বল পাঠিয়েছেন, সবগুলোই দ্বিতীয়ার্ধে। এমবাপের পাশাপাশি বল পাঠান বায়ার্ন তারকা মাইকেল অলিসে ও লিভারপুল তারকা হুগো একিতেতে। জয়ে ফিরে এক ম্যাচ হাতে রেখে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকেট নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।

ঘরের মাঠে অ্যালেক্সান্ডার সোরলথ দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল জড়ান এস্তোনিয়ার জালে। ১০ মিনিটের ব্যবধানে এস্তোনিয়ার জালে আরও দুই গোল পাঠান আর্লিং হালান্ড। দুই মিনিট ব্যবধানে এস্তোনিয়ার হয়ে ম্যাচের শেষ ও একমাত্র গোলটি করেন রবি শর্মা। জয়ে মাঠ ছাড়ে নরওয়ে, ২৮ বছর পর বিশ্বকাপের খুব কাছে তারা।

মলদোভার মাঠে ম্যাচের শেষ মুহূর্তে ৮৮ মিনিটে ইয়ানলুকা মানচিনি দলকে এগিয়ে নিয়ে গেলে যোগ করা সময়ে এসপোসিতো ব্যবধান দ্বিগুণ করেন। তাতে ২-০ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইতালি।

টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। এক ম্যাচ কম জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। শেষ দুই বিশ্বকাপে খেলতে না পারা ইতালির সরাসরি ২০২৬ আসরে খেলার বাস্তবিক সম্ভাবনা না থাকলেও সুযোগ হবে প্লে-অফ নামার।

আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ইংল্যান্ড ওয়েম্বলিতে প্রথমার্ধে বুকোয়া সাকার গোলে লিড নেয়। দ্বিতীয়ার্ধে সার্বিয়ার জালে বল পাঠান এব্রেসি এচে। ‘কে’ গ্রুপে সাত ম্যাচ খেলে সবগুলোই জিতেছে ইংল্যান্ড।

আইরিশরা প্রথমার্ধেই পর্তুগালের জালে দুবার বল পাঠায়। ১৭ মিনিটে ট্রই লিড এনে দেন। ব্যবধান দ্বিগুণ করেন প্রথামার্ধের শেষ মূহূর্তে। দ্বিতীয়ার্ধে নেমে মেজাজ হারান রোনালদো। ৬১ মিনিটি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর আগেই দুই গোল হজম করা পর্তুগাল পরে আর পারেনি ঘুরে দাঁড়াতে।

ম্যাচের আগে আয়ারল্যান্ড সমর্থকদের সামনে দুয়োধ্বনি এড়াতে ‘গুড বয়’ হয়ে থাকার কথা বলেছিলেন রোনালদো।

পর্তুগালের পরাজয়ে জমে উঠেছে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থানের লড়াই, তিন দলের সামনে সুযোগ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়ার। টানা দুই ম্যাচে ড্র ও পরাজয়ে চোট লেগেছে পর্তুগালের ডেরায়। তবে শেষ ম্যাচে গ্রুপের তলানির দল আর্মেনিয়ার বিপক্ষে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়ার আশা বাঁচিয়ে রেখেছে ২০১৬ ইউরো জয়ীরা।

Scroll to Top