
বুয়েনস আইরেস, ২১ জুলাই – ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হলেও এখনই ক্লাব ফুটবলে ফিরছেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালের ধকল কাটিয়ে ওঠার জন্য তাকে কিছুদিন বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে ইন্টার মায়ামির জার্সিতে আপাতত মাঠে দেখা যাবে না মিডফিল্ডার রদ্রিগো ডি পলকেও।
ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষা ও শারীরিক পুনরুদ্ধারের বিষয়টি বিবেচনায় নিয়ে ফিফপ্রোর সুপারিশ অনুযায়ী তাদের এই বিশ্রাম দেওয়া হচ্ছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আটটি ম্যাচের সাতটিতেই শুরুর একাদশে ছিলেন মেসি।
স্পেনের বিপক্ষে ফাইনালে ১২০ মিনিটের বেশি সময় মাঠে লড়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা। অন্যদিকে রদ্রিগো ডি পলও পুরো টুর্নামেন্টজুড়ে দলের নিয়মিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফিফপ্রোর নীতিমালা অনুযায়ী বড় টুর্নামেন্ট বা মৌসুম শেষে ফুটবলারদের অন্তত ২১ দিনের বিশ্রাম দেওয়া প্রয়োজন।
মেজর লিগ সকার বা এমএলএস আবারো শুরু হলেও আগামী বৃহস্পতিবার শিকাগো ফায়ার এবং রবিবার মন্ট্রিয়লের বিপক্ষে খেলবেন না মেসি ও ডি পল। এছাড়া আগামী ২৯ জুলাই অনুষ্ঠিতব্য লিগা এমএক্স অল স্টার ম্যাচেও তাদের অংশগ্রহণের সম্ভাবনা নেই।
গত মৌসুমে পূর্বানুমতি ছাড়া অল স্টার ম্যাচে না খেলায় নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে। তবে এবার ক্লাব কর্তৃপক্ষ আগেভাগেই আয়োজকদের জানিয়ে দিয়েছে যে বিশ্রামের কারণেই আর্জেন্টাইন এই দুই তারকাকে পাওয়া যাবে না।
এস এম/ ২১ জুলাই ২০২৬




