মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। আসরের ফাইনালে বিরতিতে কনসার্ট হবে। গাইবেন মার্কিন পপতারকা ম্যাডোনা, কলম্বিয়ান শাকিরা এবং কোরিয়ার কে-পপ মেগাস্টারস বিটিএস। বৃহস্পতিবার ফিফা কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বকাপ ফাইনালের মাঝে কনসার্টের সঞ্চালনা করবেন কোল্ডপ্লে-র ক্রিস মার্টিন। ফুটবল বিশ্বকাপের ফাইনাল ইতিহাসে এবারই প্রথম এমন আয়োজন হতে চলেছে। বৃহস্পতিবার প্রকাশিত অনুষ্ঠানের বিবরণ থেকে হাফ-টাইমের আয়োজনটি নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘ফিফা বিশ্বকাপের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে এবং বিশ্বের বৃহত্তম ক্রীড়া আয়োজনের জন্য উপযুক্ত প্রদর্শনী হবে।’
ইনফান্তিনো আরও বলেন, বিশ্বকাপের শেষ সপ্তাহে ফিফা নিউইয়র্কের টাইমস স্কয়ারও নিজেদের ‘নিয়ন্ত্রণে’ নেয়ার পরিকল্পনা করেছিল। গত বছরের মার্চে ফিফা সভাপতি ঘোষণা করেছিলেন, ‘ফিফা বিশ্বকাপ ফাইনালে সর্বপ্রথম হাফ-টাইম শো’ অনুষ্ঠিত হবে।
৪৮টি দল নিয়ে সর্বকালের বৃহত্তম বিশ্বকাপ ১১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে।





