বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের পুরস্কার তালিকায় নতুন সংযোজন এনেছে ফিফা। আগে প্রাইজমানির পাশাপাশি সোনালি ট্রফি ও গলায় ঝোলানো পদক পেতেন চ্যাম্পিয়নরা। এবারের আসরে চ্যাম্পিয়নদের দেয়া হবে বিশেষ পুরস্কার ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

বিবৃতিতে ফিফা একথা জানিয়েছে ফিফা। বলেছে, বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বিজয়ীদের জন্য চ্যাম্পিয়নশিপ রিং প্রদান করা হবে, যা আমেরিকার এই আইকনিক ক্রীড়া ঐতিহ্যকে বিশ্ব ফুটবলে নিয়ে আসবে। যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোয় চ্যাম্পিয়নশিপ রিংয়ের ঐতিহ্য দীর্ঘদিনের। সেটিই আমেরিকা আয়োজিত ফিফার সবচেয়ে বড় আসরের মধ্য দিয়ে ফুটবলে প্রবেশ করছে।

বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২,০২৬টি স্বতন্ত্রভাবে নম্বরযুক্ত রিং তৈরি করা হবে। এরমধ্যে মাত্র ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বাজারে আনা হবে। যা সমর্থকদের ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ইতিহাসের একটি অনন্য অংশের মালিক হওয়ার সুযোগ করে দেবে।

রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিং হবে আলাদা সিরিয়াল নম্বরযুক্ত। যিনি এর মালিক হবেন, তার আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে, সঙ্গে থাকবে সত্যায়নপত্র (সার্টিফিকেট অব অথেনটিসিটি)।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং দেয়া হবে। পরে খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হবে।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। জয়ী দল ট্রফির পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল হিসেবে পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

Scroll to Top