বিশ্বকাপ থেকে শুরু হবে ফুটবলের নতুন যেসব নিয়ম | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ থেকে শুরু হবে ফুটবলের নতুন যেসব নিয়ম | চ্যানেল আই অনলাইন

গতির খেলা ফুটবল, কিন্তু প্রায়ই ছন্দ নষ্ট হচ্ছে ম্যাচের মাঝে নানা কারণে সময় অতিবাহিত করার ফলে। খেলোয়াড়রা অনেক সময় ইচ্ছাকৃত সময় নষ্ট করেন। সেসব প্রতিহতের জন্য নতুন কিছু নিয়ম আনছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। নিয়মগুলো দ্বারা কৌশলগতভাবে ম্যাচের গতি বাধাগ্রস্ত হওয়া থেকে ব্যবস্থা নেয়া যাবে।

শনিবার ওয়েলসের হেনসোলে আইএফএবিয়ের ১৪০তম বার্ষিক সাধারণ সভায় নতুন কয়েকটি নিয়ম অনুমোদন করা হয়েছে। মূলত ম্যাচের গতি বাড়ানো এবং সময় নষ্টের প্রবণতা কমাতে যা কার্যকর হবে। এসব পরিবর্তন ২০২৬ বিশ্বকাপ থেকে শুরু হবে এবং অন্যসব প্রতিযোগিতায় কার্যকর হবে। নতুন নিয়মের মধ্যে গুরুত্বপূর্ণটি হল, থ্রো-ইন ও গোল কিকের ক্ষেত্রে কাউন্টডাউন পদ্ধতি চালু করা।

যে নিয়মগুলো আসছে
রেফারি যদি মনে করেন যে থ্রো-ইন বা গোল কিক নিতে অযথা দেরি করা হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করা হচ্ছে, তিনি পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করতে পারবেন। কাউন্টডাউন শেষ হওয়ার আগেই খেলা শুরু না হলে বল প্রতিপক্ষকে দেয়া হবে। থ্রো-ইন হলে সেটি চলে যাবে প্রতিপক্ষ দলের পক্ষের হাতে, আর গোল কিক দেরি হলে প্রতিপক্ষ কর্নার পাবে।

পরিবর্তিত নিয়মে, বদলি খেলোয়াড় নামানোর সময় বোর্ড দেখানো বা রেফারি সংকেত দেয়ার পর মাঠ ছাড়তে খেলোয়াড়দের ১০ সেকেন্ড সময় দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ না ছাড়লে, পরিবর্তিত হয়ে নামতে থাকা খেলোয়াড়কে এক মিনিট মাঠের বাইরে অপেক্ষা করতে হবে। তবে যিনি মাঠ ছাড়বেন, তাকে সঙ্গে সঙ্গে বের হয়ে যেতে হবে।

চোটের কারণে মাঠে চিকিৎসা নেয়া বা চোটের কারণে যেন খেলা বন্ধ না হয়, সেরকম পরিস্থিতিতে এক মিনিট চোট আক্রান্ত খেলোয়াড়কে মাঠের বাইরে থাকতে হবে। এর উদ্দেশ্য কৌশলগতভাবে সময় নষ্ট করতে ভান করা কমানো।

ভিএআরে তিনটি পরিবর্তন অনুমোদন করা হয়েছে। স্পষ্ট প্রমাণ থাকলে ভিএআর এখন অতিরিক্ত তিন ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে, ভুলভাবে দেয়া দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ড, ভুল খেলোয়াড়কে শাস্তি দেয়া এবং স্পষ্ট ভুলে দেয়া কর্নার কিক, এই তিনটিতে নাক গলাতে পারবে।

আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে চলা নতুন সংস্করণে উল্লেখ থাকবে যে, বিপজ্জনক নয় এমন বস্তু নিরাপদভাবে ঢেকে পরা যাবে এবং রেফারিরা বুক বা মাথায় ক্যামেরা নিতে পারবেন।

ড্রপড বল সংক্রান্ত নিয়মেও স্পষ্টতা আনা হয়েছে, খেলা বন্ধ না হলে যে দল বলের দখলে থাকত, তাদেরই বল দেয়া হবে।

আইএফএবি সম্মত হয়েছে, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড়দের মাঠ ত্যাগ করা বা দলীয় কর্মকর্তাদের এমন পদক্ষেপে উসকানি দেয়ার বিষয়টি নিয়ে পরামর্শ করা হবে। ম্যাচ চলাকালে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় খেলোয়াড়দের মুখ ঢেকে রাখার বিষয়েও আলোচনা হয়েছে। খেলোয়াড়রা এখন মুখ ঢেকে কথা বলতে পারবেন না। চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস জুনিয়রকে বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির মুখ ঢেকে বর্ণবাদী গালি দেয়ার অভিযোগের পর এমন সিদ্ধান্ত নেয়া হল।

Scroll to Top