বিয়ের পর জীবন পাল্টেছে কতটা? মুখ খুললেন তাপসী পান্নু – DesheBideshe

বিয়ের পর জীবন পাল্টেছে কতটা? মুখ খুললেন তাপসী পান্নু – DesheBideshe

বিয়ের পর জীবন পাল্টেছে কতটা? মুখ খুললেন তাপসী পান্নু – DesheBideshe

মুম্বাই, ৪ মার্চ – বিয়ের আগে ও পরের জীবনের মধ্যে পার্থক্য বা মানিয়ে নেওয়া নিয়ে অনেকেই বেশ চিন্তিত থাকেন। তবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু জানালেন ভিন্ন অভিজ্ঞতার কথা। তার মতে, বিয়ের পর জীবনে বিশেষ কোনো পরিবর্তনের মধ্য দিয়ে তাকে যেতে হয়নি। চলতি বছরের ২৩ মার্চ ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করেন তাপসী। দীর্ঘ এক দশকের প্রেমের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, বিয়ের পর জীবন এতটাই স্বাভাবিক রয়েছে যে, তিনি মাঝেমধ্যে ভুলেই যান তিনি বিবাহিত। তাপসীর ভাষ্যমতে, ম্যাথিয়াস তাকে কখনোই কোনো বিষয়ে চাপে রাখেননি। তিনি বলেন, “বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, সবকিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না।”

বিয়ে ও সংসার নিয়ে নিজেকে ‘পুরনোপন্থি’ বা সনাতন ভাবধারার বলে উল্লেখ করেন তাপসী। তার কাছে বিয়ে হলো সারাজীবনের একটি বন্ধন। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তিনি এমন কাউকে চাননি, যিনি তার সব কথায় সায় দেবেন। ম্যাথিয়াসের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কারণ হিসেবে তিনি জানান, তারা দুজনেই বাস্তববাদী, তাই একে অপরকে বুঝতে তাদের কোনো সমস্যা হয় না।

কাজের ক্ষেত্রে, অনুভব সিনহা পরিচালিত তাপসীর সাম্প্রতিক প্রজেক্টটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এই প্রজেক্টে তাপসী ছাড়াও অভিনয় করেছেন কানি কুসরুতি, রেবতী, মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, মহম্মদ জিশান আইয়ুব এবং সত্যজিৎ শর্মা।

এস এম/ ৪ মার্চ ২০২৬



Scroll to Top