বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর কুপিয়ে জখম

বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর কুপিয়ে জখম

যশোর শহরে বিয়ের দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। পালবাড়ি মোড় এলাকায় প্রকাশ্যে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় তাকে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর কুপিয়ে জখম

আহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৫০)। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার সাদিকপুর গ্রামের মৃত আইতাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের পালবাড়ি মোড় তাকওয়া মসজিদ গলিতে বসবাস করেন। তরিকুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে।

স্থানীয়দের বরাত দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ভিকটিম তরিকুল ইসলামের মেয়ের বিয়ের দাওয়াত না দেওয়ায় একই এলাকার লাল্টুর ছেলে ইয়ামিন তার সঙ্গে কথা কাটাকাটি করে। একপর্যায়ে ইয়ামিন কুড়াল দিয়ে তরিকুল ইসলামের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেয়। এর পরপরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তরিকুল ইসলামকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি ফারুক আহমেদ বলেন, “এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।”

Scroll to Top