বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালকের হিসেবে কর্মস্থলে যোগ দিয়েছেন নতুন নিয়োগপ্রাপ্ত সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রামপুরা বিটিভি ভবনে তিনি প্রথম দিনের অফিস করেন। এসময় সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
গত ৬ আগস্ট কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব পাওয়া মো. মাহবুবুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে নতুন ডিজিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পাশাপাশি ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মাহবুবুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।
সাংবাদিক ও কবি কাজী জেসিনকে বিটিভির প্রধান হিসেবে বেছে নেওয়ার প্রজ্ঞাপনে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি কিংবা আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দেওয়ার শর্তে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন ও যমুনা টিভিতে কাজ করেছেন।


