বিজয়কে হাজারবারও যদি বিয়ে করতে হয় করব: রাশমিকা

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিয়ে নিয়ে কথোপকথনের পর সামাজিকযোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা ও তার স্বামী বিজয় দেবেরাকোন্ডা। তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্যের পাশাপাশি রাশমিকাকে বিচ্ছেদের পরামর্শও দিয়েছেন কেউ কেউ। এবার এসব সমালোচনা ও গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী। স্পষ্ট জানালেন, বিজয়কে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তে তিনি সুখী।

অভিনেত্রী রাশমিকা মান্দানা

সোমবার (২৬ অক্টোবর) ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশমিকা জানান, তিনি তার জীবনসঙ্গীকে ভীষণ ভালোবাসেন। এমনকি হাজারবার বিয়ের সুযোগ এলেও প্রতিবারই বিজয়কে বেছে নেবেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘আমি আমার মানুষটিকে ভীষণ ভালোবাসি। হাজারবারও যদি বিয়ে করতে হয়, করব।’

গত ২১ অক্টোবর প্রচারিত ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের দ্বিতীয় পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন রাশমিকা ও বিজয়। সেখানে তাদের বিয়ে নিয়ে কথোপকথনের একটি অংশ সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। সেই সূত্র ধরেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়।

রাশমিকা জানান, অনুষ্ঠানটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া কেবল মতামত প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং তার মনে হয়েছে, অনেকে নিজেদের ক্ষোভ প্রকাশের জন্য কাউকে খুঁজছিলেন। সাধারণত মানুষের মতামতের জবাব দেন না তিনি। কারণ, প্রত্যেকেরই নিজস্ব মত প্রকাশের অধিকার রয়েছে।

তবে এবার নিজের ও বিজয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে অযাচিত মন্তব্য এবং সম্পর্ক নিয়ে নানা পরামর্শ দেখে অবাক হয়েছেন অভিনেত্রী।
বিয়ে নিয়ে তাদের কথোপকথনের ব্যাখ্যা দিয়ে রাশমিকা বলেন, বিষয়টি কতবার বিয়ের কথা হয়েছে কিংবা কত বছর ধরে আলোচনা চলেছে, তা নিয়ে ছিল না। বরং সময় নিয়ে একে অপরকে বোঝা এবং জীবনের ভালো-মন্দ, আনন্দ ও চাপের মধ্যেও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়াটাই ছিল গুরুত্বপূর্ণ।

অভিনেত্রীর ভাষ্য, তিনি জানতেন জীবনে কী চান। অন্যদিকে, বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনের বাস্তব দিকগুলো ভেবে নিতে চেয়েছিলেন বিজয়। তবে তাদের এই পার্থক্য ভালোবাসায় কোনো প্রভাব ফেলেনি। শেষ পর্যন্ত দুজনই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

যারা তাকে সম্পর্ক থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন, তাদের উদ্দেশেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাশমিকা। তার বক্তব্য, কয়েক বছর আগে যখন তাদের জীবনে কঠিন সময় চলছিল, তখন এসব মানুষ পাশে ছিলেন না। কিন্তু বিজয় তখনও তার পাশে ছিলেন, এখনো আছেন। বিয়ের পর নিজেকে জীবনের সবচেয়ে সুখী সময়ের মধ্যে রয়েছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি, সম্পাদনা করা ভিডিও এবং বিভ্রান্তিকর বর্ণনাকে নিজের জীবনের সত্যের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও অসন্তোষ প্রকাশ করেন রাশমিকা। তার মতে, নিজের জীবন সম্পর্কে তিনি কী বলছেন, সেটিকে বিশ্বাস না করে অনলাইনে ছড়িয়ে পড়া নানা ধারণায় আস্থা রাখা অস্বস্তিকর।

পোস্টের শেষ দিকে কন্নড়ভাষী ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। এক দশক পরও যারা তাকে ভালোবাসেন ও সমর্থন করেন, তাদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ভালোবাসা ও আনন্দ উদ্‌যাপনের আহ্বান জানিয়ে সবাইকে নিজেদের জীবনে সুখ খুঁজে নেওয়ার পরামর্শ দেন রাশমিকা।

Scroll to Top