বিচারকদের সততা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

বিচারকদের সততা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

বিচারকদের সততা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে: প্রধান বিচারপতিবিচার বিভাগের বিদ্যমান সীমাবদ্ধতা অতিক্রম করে জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

গতকাল শনিবার সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ঢাকা বিভাগে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া এক অভিভাষণে তিনি এ আহ্বান জানান। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, জেলা আদালতগুলোতে মেডিকেল সেন্টার ও ডে-কেয়ার সেন্টার স্থাপন, স্পিচ-টু-টেক্সট সফটওয়্যার চালু এবং বিচারকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও কাজ চলছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা বিচার বিভাগের বাজেট বৃদ্ধি, আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণ, আদালতের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সংকট নিরসন, নিরাপত্তা জোরদার এবং ডিজিটাইজেশন কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারিক কর্মকর্তাদের উত্থাপিত বিভিন্ন দাবির সঙ্গে একমত পোষণ করেন। তিনি বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, বিচারকদের আর্থিক স্বাধীনতা এবং এসব লক্ষ্য বাস্তবায়নে বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিচার বিভাগের আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং বিচারপ্রার্থীদের জন্য আরও কার্যকর ও সেবামুখী বিচার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Scroll to Top