
তৃণমূল থেকে উঠে আসা ৩০৬ জন প্রতিভাবান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দুই মাসের নিবিড় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রশিক্ষণ।
বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ তথ্য জানান। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে দেশজুড়ে অংশ নেওয়া প্রায় ১ লাখ ৬৮ হাজার প্রতিযোগীর মধ্য থেকে জাতীয় পর্যায়ে উঠে আসা ৩০৬ জনকে এই বিশেষ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বিকেএসপিতে দুই মাসের প্রশিক্ষণ শেষে অসাধারণ প্রতিভার পরিচয় দেওয়া ক্রীড়াবিদদের মধ্য থেকে যোগ্যদের সরকারি খরচে বিকেএসপিতে ভর্তি করানোর ব্যবস্থা করা হবে। তাদের পড়াশোনা ও খেলাধুলার ব্যয় বহনের মাধ্যমেই ভবিষ্যতের জাতীয় মানের ক্রীড়াবিদ তৈরির পরিকল্পনা রয়েছে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা। কর্মসূচিটির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবাসহ বিভিন্ন খেলায় প্রতিভা অন্বেষণের আয়োজন করা হয়েছে।
আমিনুল হক বলেন, ‘খেলাধুলাকে শুধু সাময়িক বিনোদন বা মাঠের অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মের জন্য একটি পেশাদার ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। জাতীয় পর্যায়ে ভালো করা ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করা হবে।’
তিনি আরও বলেন, ‘তরুণ ও কিশোরদের অপরাধ, মাদক এবং অতিরিক্ত ডিভাইস-নির্ভরতা থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের এই কার্যক্রমের মাধ্যমে সেই লক্ষ্যেও কাজ করা হচ্ছে।’
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…