বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোরের মৃত্যু, বাসে আগুন

বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোরের মৃত্যু, বাসে আগুন

টাঙ্গাইলের মধুপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জিহাদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের গোলাবাড়ি এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ মধুপুর উপজেলার বাসুদেব বাড়ির মহাদাস এলাকার জাকির হোসেনের ছেলে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিহাদ মোটরসাইকেল যোগে মধুপুর থেকে বাড়ি ফিরছিলো। তার সাথে এক বন্ধু ছিল। গোলাবাড়ি এলাকায় পৌছালে বিনিময় পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়। তার বন্ধু গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রতিবাদে বিনিময় নামের অপর একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে।

Scroll to Top