বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ | চ্যানেল আই অনলাইন

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ | চ্যানেল আই অনলাইন

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে টানতে বার্সেলোনার দেয়া ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বর্ষী এ তারকাকে ছাড়তে হলে ৬ কোটি পাউন্ডের বেশি চায় ইংলিশ ক্লাবটি।

চুক্তির শেষ বছরে থাকা রদ্রি এখনও সিটির সঙ্গে নতুন চুক্তি করেননি। ফলে চলতি গ্রীষ্মের দলবদলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। একসময় রিয়াল মাদ্রিদের নাম আলোচনায় থাকলেও এখন তাকে দলে টানার দৌড়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা। বিবিসির তথ্য অনুযায়ী, খেলোয়াড়ের সম্মতি পাওয়ার পরই সিটির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেয় কাতালুনিয়ার ক্লাবটি।

চোটের কারণে গত দুই মৌসুমে ক্লাব ফুটবলে নিয়মিত খেলতে পারেননি রদ্রি। ২০২৪-২৫ মৌসুমে এসিএল ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। তবে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন।

পিঠের অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসনে থাকা রদ্রি আগামী সপ্তাহে সিটির অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে। দলবদল উইন্ডো শেষ হওয়ার আগে তার ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায় ম্যানচেস্টার সিটি। এদিকে সম্ভাব্য বিকল্প হিসেবে লিলের মরক্কান তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদিকে দলে নেওয়ার চেষ্টা করছে ক্লাবটি। তবে তার জন্য ৮ কোটি ৬০ লাখ পাউন্ড দাবি করেছে ফরাসি ক্লাব লিল।

Scroll to Top