
ঢাকা, ২৮ জুন – বায়ুদূষণের তালিকায় বিশ্বের শীর্ষ অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর শহর। অন্যদিকে ১২৫টি দেশের এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৪৬তম।
বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স বা আইকিউএয়ার রবিবার সকালে এই তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটির সূচক অনুযায়ী সকাল ৮টা ৪২ মিনিটের দিকে লাহোরের দূষণ স্কোর ছিল ১৬২। এই স্কোর অনুযায়ী সেখানকার বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে। একই সময়ে ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ৬৪। এই মান অনুযায়ী ঢাকার বাতাস বর্তমানে মাঝারি বা সহনীয় পর্যায়ের অন্তর্ভুক্ত রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। বায়ুর মান ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে ধরা হয়। স্কোর ৩০১ এর বেশি হলে সংশ্লিষ্ট এলাকার বায়ুকে দুর্যোগপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।
এনএন/ ২৮ জুন ২০২৬





