
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – বিশ্বজুড়ে বিভিন্ন নগরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘ দিন ধরে এই সমস্যার কবলে রয়েছে। বৃষ্টির সময় দূষণের মাত্রা কিছুটা কম থাকলেও দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় বাতাসের মান আবারও খারাপ হতে শুরু করেছে।
বুধবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৫২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। বাতাসের মানের এই স্কোরকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে ২৮৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া ২৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার। ভারতের দিল্লি শহর ২৪৮ স্কোর নিয়ে চতুর্থ এবং ২১৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কলকাতা।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয় এবং সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬





