বাবা-ছেলে একসাথে খেলার ইতিহাস, নবী-ঈসাখিলের মতো আরও যত দেখা গেছে | চ্যানেল আই অনলাইন

বাবা-ছেলে একসাথে খেলার ইতিহাস, নবী-ঈসাখিলের মতো আরও যত দেখা গেছে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিদেশী ঘরোয়া ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগে স্বদেশী সতীর্থ অথবা বন্ধুকে একসাথে ক্রিজে জুটি গড়তে দেখা গেছে অনেক। কিন্তু বাবা-ছেলেকে ক্রিজে জুটি গড়তে দেখা বিরলই। সেটাই দেখা গেল বিপিএলে ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচে। নোয়াখালীর হয়ে জুটি গড়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ও ছেলে হাসান ঈসাখিল। এমন ইতিহাস বিরল হলেও রয়েছে কিছু সাক্ষী।

ক্রিকেট ইতিহাসে বাবা-ছেলের একই সাথে মাঠে নামার ঘটনা দারুণ এক আবেগঘন মুহূর্ত। রোববারের দ্বিতীয় ম্যাচে দেখা মিলল সেটির। বিপিএল অভিষেকেই ঝড় তুলেছেন ঈসাখিল, ৬০ বলে ৯২ রানের ইনিংস খেলেছেন বাবাকে সামনে রেখে। দুজনে ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে এমন অনন্য ঘটনা। ২০২৫ সালের ৬ নভেম্বর, তিমোর-লেস্তের হয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামেন ৫০ বর্ষী সুহাইল সাত্তার এবং তার ১৭ বর্ষী ছেলে ইয়াহিয়া সুহাইল। শুধু একাদশে ছিলেন না, একসাথে ক্রিজে ব্যাটিংও করেছিলেন তারা।

ঘরোয়া এবং প্রথম শ্রেণির ক্রিকেটেও এমন উদাহরণ আগে দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক শিবনারায়ণ চন্দরপল এবং ছেলে ত্যাগনারায়ণ ২০১৩ থেকে ২০১৭ সালে গায়ানার হয়ে ১১টি ম্যাচ একসাথে খেলেছেন। ২০১৫ সালে একটি ম্যাচে তারা ২৫৬ রানের বিশাল জুটি গড়েছিলেন।

এতো ছিল ব্যাটিংয়ের ইতিহাস, বোলিংয়েও রেয়েছে এমন ঘটনা, ১৯৯৯ সালে কিংবদন্তি ফাস্ট বোলার ডেনিস লিলি ও তার ছেলে অ্যাডাম লিলি পাকিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে ৩টি করে উইকেট শিকার করেছিলেন।

ইতিহাসের আরও পেছনে তাকালে দেখা যায়, ক্রিকেটের জনক ডব্লিউ জি গ্রেস ১৮৯৩ থেকে ১৯০৬ সালের মধ্যে তার দুই ছেলে ডব্লিউ জি গ্রেস জুনিয়র এবং সিবি গ্রেসের সাথে নিয়মিত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

Scroll to Top