এই খবরটি পডকাস্টে শুনুনঃ
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাতীয় দলের সাবেক ফুটবলারকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তাকে করা হয়েছে । র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

পেশায় ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী বিজিএমইএর সভাপতি ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে খুলনা-৪ আসনে আওয়ামী লীগের হয়ে উপনির্বাচনে জিতে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদে ছিলেন আব্দুস সালাম মুর্শেদী। এছাড়া বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধান ছিলেন তিনি।
