বাড়ছে বিজেপি ঘনিষ্ঠতা, দুঃসময়ে মমতার সঙ্গ ছাড়ছেন দেব? | চ্যানেল আই অনলাইন

বাড়ছে বিজেপি ঘনিষ্ঠতা, দুঃসময়ে মমতার সঙ্গ ছাড়ছেন দেব? | চ্যানেল আই অনলাইন

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা ও ঘাটালের তৃণমূল সাংসদ দেব। দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই তারকাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন- তিনি কি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-ঘনিষ্ঠ শিবিরে যোগ দিতে চলেছেন?

সম্প্রতি দুটি ঘটনার পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। প্রথমত, তৃণমূলের একাংশের বিদ্রোহী সাংসদদের উদ্যোগে লোকসভার স্পিকারের কাছে জমা দেওয়া একটি চিঠিতে দেবের নাম থাকার দাবি সামনে আসে।

বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেন, তৃণমূলের ২০ জন সাংসদ ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। যদিও কারা কারা স্বাক্ষর করেছেন, তার তালিকা প্রকাশ করা হয়নি। অন্যদিকে দেবও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

দেবের এই নীরবতাই রাজনৈতিক মহলে প্রশ্ন আরও বাড়িয়ে দিয়েছে। এর মধ্যেই দিল্লি সফর শেষে কলকাতায় ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও রাজনৈতিক বিতর্ক নিয়ে একটি শব্দও বলেননি দেব। বরং তিনি চলে যান নিজের নতুন সিনেমা ‘দেশু৭’-এর শুটিং সেটে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালকের চেয়ারে বসা একটি সাদা-কালো ছবি পোস্ট করে লেখেন, “Back to where I belong”।

দেবের এই পোস্টকে অনেকে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে সিনেমায় মনোযোগী হওয়ার ইঙ্গিত হিসেবে দেখলেও, অন্য একটি ঘটনা আবার ভিন্ন ব্যাখ্যার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দেব। বৈঠকটির নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন একাধিক সাংসদ ও বিধায়ক। সেখানে মূল মঞ্চেই দেখা যায় দেবকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্রোহী সাংসদদের তালিকায় নাম জড়ানো এবং তার পরপরই শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় উপস্থিতি- এই দুই ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ খুব কম। ফলে দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে এখন পর্যন্ত দেব নিজে তৃণমূল ছাড়ার কোনো ঘোষণা দেননি। এমনকি বিজেপি বা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনৈতিকভাবে হাত মেলানোর বিষয়েও প্রকাশ্যে কিছু বলেননি।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সক্রিয় রাজনীতিতে আসেন দেব। ঘাটাল থেকে টানা তিনবারের সাংসদ তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেও পরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। নির্বাচনী প্রচারেও তৃণমূলের হয়ে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় তাকে।

তাই বর্তমান পরিস্থিতিতে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে দেব সত্যিই তৃণমূল ছাড়ছেন কি না। তবে একটি বিষয় স্পষ্ট- তিনি মুখ না খুললেও তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান এবং কর্মকাণ্ড পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে। এখন সবার নজর দেবের পরবর্তী পদক্ষেপের দিকে।হিন্দুস্তান টাইমস

Scroll to Top