বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল | চ্যানেল আই অনলাইন

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল | চ্যানেল আই অনলাইন

রাজধানীর বাজারে আবারও সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় ভোজ্যতেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন খুচরা বিক্রেতারা। একই সঙ্গে পোলাওয়ের চাল ও অধিকাংশ শাকসবজির দামও তুলনামূলক বেশি রয়েছে।

আজ ৭ আগস্ট শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, সয়াবিন তেলের সংকটের কারণে অনেক ক্রেতা বিকল্প হিসেবে সানফ্লাওয়ার ও রাইস ব্রান তেল কিনছেন। যদিও এসব তেলের দাম তুলনামূলক বেশি হওয়ায় সব ক্রেতার পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না। চালের বাজারে সাধারণ চালের দাম স্থিতিশীল থাকলেও গত এক মাসে পোলাওয়ের চালের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে চাল, ডাল, চিনি, আদা, রসুন ও পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা রয়েছে।

বিক্রেতারা জানান, বিভিন্ন সময় নানা অজুহাতে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেয় কোম্পানিগুলো। এবার গ্যাস সংকটকে কারণ হিসেবে দেখানো হলেও প্রকৃতপক্ষে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। সরবরাহ স্বাভাবিক হলে ভোজ্যতেলের সংকট এবং বাজারের অস্থিরতা কমে আসতে পারে।

সবজির বাজারেও স্বস্তি নেই। কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির কেজি ৮০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ডিমের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে। তবে সোনালি মুরগির দামে কোনো পরিবর্তন হয়নি।

ক্রেতাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর নজরদারি প্রয়োজন।

Scroll to Top