আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করার সিদ্ধান্তে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন সাবেক স্পিনার হরভজন সিং। বাংলাদেশের সঙ্গে সংহতির মোড়ক রাজনৈতিক নাটকের চেয়ে বেশিকিছু নয় মনে করেন তিনি।
ইউটিউব চ্যানেলে ভারতের সাবেক স্পিনার হরভজন বলেছেন, পাকিস্তানের এমন সিদ্ধান্তের পেছনে কোন যুক্তি নেই। নীতিগত অবস্থানের চেয়ে গোলমাল তৈরি করার জন্যই এই ঘোষণা। তার মতে, পাকিস্তান যদি সত্যিই তাদের কাজের প্রতি বিশ্বাস রাখে, তাহলে ইউটার্ন না নিয়ে যেন পরিণতি ভোগ করার জন্য তৈরি থাকে।
হরভজন বলেছেন, ‘‘ভারতের ম্যাচ বাদ দিয়ে ‘বাংলাদেশের সাথে সংহতি’ নাটক ছাড়া আর কিছুই নয়। এটি সেই একই পাকিস্তান সরকার ও একই পিসিবি, যারা কিছু সময় পর বলবে বিবাদটি আসলে বাংলাদেশের ছিল, আইসিসি নিষেধাজ্ঞা আরোপ করেছিল, আমরা খেলার জন্য ও সমস্যা সমাধানের জন্য প্রস্তুত ছিলাম। এ থেকে আপনারা কী সুবিধা পেতে চলেছেন? এটি শুধুই অহংকার দেখানোর জন্য।’’
‘আপনারা যদি সত্যিই মনে করেন যে আপনারা এমনকিছু করতে পারেন, তবে নিজেদের অবস্থানে অনড় থাকুন। দেখা যাক আপনাদের আসলেই সেই সাহস আছে কিনা। বাংলাদেশের পাশে দাঁড়ানোতে কোন সমস্যা নেই, কিন্তু আপনাদের দেশের সেইসব মানুষের কী হবে যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়?’




