অস্ট্রেলিয়ার সাবেক গতিদানব শন টেইট বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪২ বর্ষী টেইট আসছে মাসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।
বোলিং কোচ ছিলেন আন্দ্রে অ্যাডামস, তাকে বিদায় জানানোর দিনেই টেইটের নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রায় তিন বছরের চুক্তিতে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন টেইট। আর ২০২৪ সালের মার্চে বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন অ্যাডামস।
বিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘বিসিবি এবং আন্দ্রে অ্যাডামস চুক্তি শেষ করার জন্য একটি পারস্পরিক সম্মতিতে পৌঁছেছে। গত একবছরে আমাদের পেস আক্রমণের বিকাশে অ্যাডামস যে ভূমিকা পালন করেছেন তার জন্য বোর্ড কৃতজ্ঞ এবং আমরা তার ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।’
বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত হয়ে শন টেইট বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সাথে জড়িত হওয়ার জন্য এখনই ভালো সময়, বলতে পারেন এটি নতুন একটি যুগের সূচনা। সম্প্রতি বাংলাদেশে অনেকবার কথা হয়েছে- পেস বোলারদের সাথে তরুণদের প্রতিভা- যা দুর্দান্ত।’
‘ফিল সিমন্সের সাথে কাজ করার সুযোগ পাওয়াটাও সমানভাবে রোমাঞ্চকর এবং আমি সামনের সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
২০১২-১৩ মৌসুমে বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলা টেইট সম্প্রতি চিটাগাং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বিগ ব্যাশ লিগ, পিএসএল, লংকা সুপার লিগ এবং কাউন্টি ক্রিকেটে কোচের দায়িত্ব সামলেছেন।








