বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন চ্যানেল আইয়ের স্পেশাল করেসপন্ডেন্ট ও জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় রাহুল কান্তি রায়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান (এনডিসি) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর না করায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত) অনুযায়ী বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় সাজেদ এ আদেলসহ আরও কয়েকজন ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তি। সাধারণ সম্পাদক করা হয়েছে ইশতিয়াক সাদেককে। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চ্যানেল আইয়ের রাহুল কান্তি রায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। আদেশ জারির তারিখ থেকেই নতুন কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

