ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’-এর পর্দা নামলো রবিবার (৮ ফেব্রুয়ারি)। ছয় দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিনে তানিম নূর পরিচালিত উৎসবের জয়জয়কার। তবে এই আয়োজনের সর্বোচ্চ সম্মাননা ‘হীরালাল সেন পদক’ জিতে নিলো তরুণ নির্মাতা আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’!
একই সঙ্গে সিনেমাটি সেরা চিত্রনাট্য পুরস্কারও লাভ করেছে। রবিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামে।
গত ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে শুরু হওয়া এই উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে প্রদর্শিত হয় ২০টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
সমাপনী সন্ধ্যায় নির্মাতা মনিরুল হক আকাশের হাতে হীরালাল সেন পদক তুলে দেন চলচ্চিত্র সমালোচক বিধান বিবেরু। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ডক ল্যাবের পরিচালক তারেক আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর অধ্যাপক হাবিবা রহমান।
সর্বোচ্চ পুরস্কার না পেলেও এই আয়োজনে তানিম নূরের ‘উৎসব’-এর একচেটিয়া জয়জয়কার। সিনেমাটি একাই অর্জন করেছে সেরা নির্মাতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা এবং সেরা শব্দশৈলী- এই চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার।
একাধিক বিভাগে পুরস্কার জিতে ‘উৎসব’ এবারের আসরে দর্শক ও সমালোচকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে এবং উৎসবের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়।
ভাষা আন্দোলনের চেতনায় প্রতি বছর টিএসসিতে আয়োজন করা হয় ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। এবছর উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় আহমেদ হাসান পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
উৎসবে আরও প্রদর্শিত হয় দেশের চলচ্চিত্র ইতিহাসের উল্লেখযোগ্য ও সমসাময়িক অনেক সিনেমা। সমাপনী দিনে দেখানো হয় তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কলকাতার জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ ছিল সমাপনী চলচ্চিত্র।


