বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে ডিএসসিসি প্রশাসকের জিরো টলারেন্স ঘোষণা – DesheBideshe



ঢাকা, ২৫ আগস্ট – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগরীর পরিচ্ছন্নতা জোরদার, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন এবং মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাস্তাঘাট, ফুটপাত কিংবা খোলা স্থানে আইন অমান্য করে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানা ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা দূরীকরণ তদারকি কমিটির কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রশাসক বলেন যে পরিচ্ছন্নতা নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম মৌলিক দায়িত্ব। পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না এবং দায়িত্বে গাফিলতি পাওয়া গেলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নগরীর কোথাও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ পাওয়া গেলে বা অহেতুক বিলম্ব হলে তা বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে ব্যর্থতা বা কর্তব্যে অবহেলা প্রমাণ হলে সংশ্লিষ্টদের চাকরি বিধিমালা অনুযায়ী কড়া জবাবদিহি ও শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে নগরবাসীকে সতর্ক করে তিনি বলেন যে পরিবেশ নোংরা করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

প্রশাসক মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা, নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন দলের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৫ আগস্ট ২০২৬



Scroll to Top