বয়কট তুলে নিয়ে ভারতের বিপক্ষে খেলতে সম্মত পাকিস্তান – DesheBideshe

বয়কট তুলে নিয়ে ভারতের বিপক্ষে খেলতে সম্মত পাকিস্তান – DesheBideshe

বয়কট তুলে নিয়ে ভারতের বিপক্ষে খেলতে সম্মত পাকিস্তান – DesheBideshe

ইসলামাবাদ, ১০ ফেব্রুয়ারি – শ্রীলঙ্কার কলম্বোতে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে গেছে। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। পাকিস্তান সরকার এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘অর্জিত ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে’ ভারতের বিপক্ষে খেলতে দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।

গত কয়েক দিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক এই ম্যাচে পাকিস্তানকে ফেরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে আলোচনা চলছিল। ইএসপিএনক্রিকইনফো সোমবার সকালেই জানায়, এসব আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে আশা দেখা যাচ্ছে।

সোমবার সন্ধ্যায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। তার এই বক্তব্যের কয়েক মিনিট আগেই আইসিসি এক বিবৃতিতে বাংলাদেশের বিষয়ে তাদের কঠোর অবস্থান কিছুটা শিথিল করার কথা জানায়।

উল্লেখ্য, ভারতে ভ্রমণে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে আইসিসি নিশ্চিত করে যে, বাংলাদেশের ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না। পাশাপাশি ২০২৮ থেকে ২০৩১ চক্রে বাংলাদেশকে অতিরিক্ত একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের পর বিসিবি এক বিবৃতিতে পিসিবিকে সমর্থনের জন্য ধন্যবাদ জানায় এবং ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার অনুরোধ করে।

এর আগে গত রোববার বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও আইসিসি পরিচালক ইমরান খাজা পিসিবির সঙ্গে আলোচনার জন্য লাহোরে যান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তখন বলেছিলেন, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আইসিসির বোর্ড সভায় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রস্তাবের বিপক্ষে বিসিবির পাশাপাশি একমাত্র পিসিবিই ভোট দিয়েছিল। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তখন আইসিসির বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অনুসরণের অভিযোগ তোলেন এবং বলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। আইসিসির সঙ্গে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পায় এবং পাকিস্তান বয়কট প্রত্যাহারের শর্ত হিসেবে বাংলাদেশের জন্য সুবিধা নিশ্চিত করার বিষয়টি সামনে আনে।

এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top